কন্যা আমার !  

কন্যা আমার !  হাসান মাহমুদ

(সম্মানে অধিকারে জগতের সব কন্যা রাজকন্যা হয়ে উঠুক)

মাটির ভুবন পরে, মাটির ভুবন ভরে, – ছন্দে লয়ে খেলা করে -অমূল্যরতন,
নিসর্গের লক্ষ তারা, মুগ্ধ চোখে বাক্যহারা, – দেখে দেখে হয় সারা – নিসর্গের ধন।
রংধনু রং যত, লক্ষ ফুলের মত, – ছোট্ট অঙ্গে শত শত – খেলা করে তার,
কোথা রাখি কোথা রাখি! অমিয় সুখের পাখী, – বুকের পাঁজরে ঢাকি – কন্যা আমার!

সৃষ্টি-রহস্যরাশি, তারে ঘিরে ওঠে হাসি, – বিপুল সুন্দর আসি’ – করে যেন মেলা,
এ যেন দণ্ডে-পলে, উছল জলধি জলে, – শত পূর্ণিমা ঢলে – অপরূপ খেলা!
তরঙ্গ ভঙ্গে উঠি’, অনঙ্গ অঙ্গে লুটি’, – সহস্র রঙ্গে টুটি -নিমেষে নিমেষে,
লক্ষ কিরীট চয়নে, অনির্বচন বয়নে, – অপরিতৃপ্ত নয়নে – দেখি অনিমেষে !

নীরব জলদমন্দ্র, নিথর জাগে অতন্দ্র, – নিযুত সুর্য্যচন্দ্র – অসীমের গায়,
স্থবির, জীবনহীন, গভীর মরনে লীন, – দেহটিরে চিরদিন – বহে বহে যায়।
এ ধরণী বন্ধ্যা নয়, শত বর্ণগন্ধময়, – কত জন্ম কত লয় – নাহি জানি কার,
প্রাণ আছে এইখানে, নিত্য প্রভাত-গানে, – স্বর্গসুধার স্নানে – কন্যা আমার !

মরন সহস্রধারে, দুর্ধর্ষ ছোবল মারে, – উন্মাদের মত নাড়ে – ভিত্তি জীবনের,
তবু বসুন্ধরা পরে, দিক হতে দিগন্তরে, – যুগ হতে যুগান্তরে – কি খেলা প্রাণের!
সে প্রাণ তীব্রস্রোতে, অনাদি-অনন্ত হতে, – ছুটিয়া এল আলোতে -চোখের পলকে,
ঘন এ জীবন্ত নীড়ে, সায়াহ্নের সিন্ধুতীরে,- ছোট্ট সুধা-বিন্দুটিরে – দেখি অপলকে !

এ জীবন মরূতৃষা, যন্ত্রণায় লুপ্তদিশা, – মরণের অমানিশা – সর্ব অঙ্গে তার,
প্রাণ শুধু এইখানে, উষ্ণ শোণিত টানে, – মৃত্যুহীন স্পর্শদানে – কন্যা আমার !!

 

Leave a Comment